শিরোনাম

বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চান মিলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চান মিলার
ডেভিড মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক সাফল্য ডেভিড মিলারের। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জিততে পারেননি তিনি। সেই অপূর্ণতাই এবার ঘোচাতে চান অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটার।

প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে অন্যতম ভরসার নাম মিলার। ৩০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেললেও বড় কোনো আইসিসি ট্রফি এখনও তার হাতে ওঠেনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘আমি ২০২৭ বিশ্বকাপের জন্য সত্যিই মুখিয়ে আছি। এটি এমন এক লক্ষ্য, যা আমি অর্জন করতে চাই। ক্যারিয়ারের শেষ দিকে একটি ট্রফি জিতে শেষ করতে পারলে আমি খুবই খুশি হবো।’

তিনটি ওয়ানডে বিশ্বকাপ থাকলেও ২০২৭-এ নিজের জায়গা নিশ্চিত ধরে নিচ্ছেন না মিলার। তিনি বলেন, ‘কোনো কিছুই নিশ্চিত নয়। এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমার লক্ষ্য থাকবে দলে জায়গা করে নেওয়া এবং দলের জন্য সর্বোচ্চ অবদান রাখা।’

নিজেদের সমর্থকদের সামনে বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে বিশেষ সম্মান হিসেবেই দেখছেন এই তারকা ব্যাটার।

১৯৯২ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা একাধিকবার সেমিফাইনাল ও নকআউট পর্বে উঠলেও শিরোপার দেখা পায়নি।

/টিই/