শিরোনাম

ভারত জিতবে বলেও ফাইনালে আমিরের বাজি নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারত জিতবে বলেও ফাইনালে আমিরের বাজি নিউজিল্যান্ড
মোহাম্মদ আমির। ছবি: ভিডিও থেকে নেওয়া

জিওনিউজের ছোট একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মোহাম্মাদ আমিরের কাছে জিজ্ঞেস করা হয়, ফাইনালে কোন দল জিতবে। পাশ থেকে সঞ্চালক বলছেন, ‘কসম আপনাকে, এবার দয়া করে বলুন ভারত জিতবে…।’ সেই অনুরোধ রেখে আমির বেশ নাটকীয়ভাবে আঙুল উঁচিয়ে বললেন, ‘ভারত জিতবে…।’

ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে এর আগে আলোচনা ও হাস্যরসের খোরাক জুগিয়েছেন আমির। সুপার এইটে তিন দফায় তিনি বলেছিলেন, ভারত সেমিফাইনালে খেলতে পারবে না। পরে সেমিফাইনালের আগে বলেছিলেন, ভারত ফাইনালে উঠতে পারবে না। সেই সবই ভুল প্রমাণিত হয়েছে। এবার অবশ্য তিনি ভারতের জয় দেখতে পাচ্ছেন!

তবে পরে জানা গেল, মূল ব্যাপার। যেই শোতে মন্তব্য করেছিলেন পাকিস্তানি পেসার, সেই শোতেই ফাইনালের আগের পর্বে সঞ্চালক খোলাসা করলেন ব্যাপারটি, ‘আপনি কালকে ভারতকে হারানোর জন্য ভারতের নাম বলেছেন…।’ যেটির মানে, তার ভবিষ্যদ্বাণীগুলো যেহেতু ভুল হচ্ছে, এজন্যই ভারতের নাম বলেছেন তিনি!

পরে যখন সত্যিকার অর্থেই তাকে ভবিষ্যদ্বাণী করতে বলা হলো ফাইনাল নিয়ে, দুইভাবে জিজ্ঞেস করা হলো তাকে, টস জিতে নিউজিল্যান্ড আগে বোলিং করলে ও টস জিতে ভারত আগে ব্যাট করলে কোন দল জিতবে, দুবারই আমির বললেন, জিতবে নিউজিল্যান্ড।

আমির বলেন, ‘আপনি যদি দুই দলের দিকেই তাকান, নিউজিল্যান্ড যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সেমিফাইনালে, পরিপূর্ণ এক জয়কে সঙ্গী করে তারা ফাইনালে নামছে। দল হিসেবে দারুণ পারফর্ম করেছে। ভারত আমার মতে এখনও দুজনের ওপর খেলছে। জাসপ্রিত বুমরা ও স্যামসনের প্রভাব অনেক বেশি।’

এই শোতে আমিরের পাশে থাকা সাবেক পাকিস্তান অধিনায়ক রাশিদ লাতিফ অবশ্য ভিন্ন মত দেন। ‘ভারতকেই বেশি শক্তিশালী মনে হচ্ছে। আমির যেটা বললো যে কেবল দুজনের ওপর দিয়ে ওরা চলছে, সঙ্গে ইশান কিষান ও আভিষেক শার্মাও জ্বলে ওঠে…স্যামসন তো ম্যাচের চিত্রই বদলে দিচ্ছে। ভারতই এগিয়ে।’

লাতিফের সঙ্গে একমত হন আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

তবে আমির আবার মনে করিয়ে দিলেন এই মাঠ ও ইতিহাস ভারতের জন্য বাধা। ‘এই মাঠে তো ভারত জিততে পারে না। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হেরেছিল। নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে সবকটি হেরেছে।’

/টিই/