শিরোনাম

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ১৬১/৪, বাংলাদেশ এগিয়ে ৬৭ রানে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া ১৬১/৪, বাংলাদেশ এগিয়ে ৬৭ রানে
স্মিথকে আউট করে উদযাপন বাংলাদেশ দলের

ডারউইন টেস্টের তৃতীয় দিনটি বলতে গেলে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলই ভাগাভাগি করে নিয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তাতে ২২৮ রানের লিড পায় নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে অস্ট্রেলিয়া করেছে ৪ উইকেটে ১৬১ রান।

বাংলাদেশ এখনো ৬৭ রানে এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার হাতে আছে ৬ উইকেট।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৫৩ ওভার ব্যাট করে অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে স্বাগতিকরা দিন শেষ করেছে ৫৩ ওভার খেলেই। অর্থাৎ ব্যাটিংয়ে যে উন্নতি করেছে অস্ট্রেলিয়া তা এই পরিসংখ্যানেই বোঝা যায়।

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে আউট করেন হাসান মাহমুদ। প্রথমে শূন্য রানে বোল্ড হন জ্যাক ওয়েদারাল্ড। এরপর হেডকেও ফেরান তিনি। বল ব্যাটে লেগে আঘাত হানলো স্টাম্পে। হেড ফিরলেন ১৭ রানে।

তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। লাবুশেনকে (৩১) বোল্ড করে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর স্মিথ ও ক্যামেরুন গ্রিন মিলে জুটি গড়েন।

স্মিথকে (৪৪) আউট করেন মেহেদী হাসান মিরাজ। তার ইনিংসে ছিল ৫টি চার। স্মিথ ফেরায় ভাঙে চতুর্থ উইকেটে ৪৯ রানের জুটি। দিনের বাকি সময় আর বিপদ ঘটতে দেননি গ্রিন (৪৩*) ও অ্যালেক্স ক্যারি (১৯*)।

হাসান মাহমুদ নিয়েছেন ২টি, তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট।

এর আগে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। ৩২ রানে অপরাজিত থাকা মিরাজ করেন ৬৫ রান। এছাড়া হাসান মাহমুদ করেন ১৪ রান। ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। তাইজুল করেন ১৭ রান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান।

জশ হ্যাজেলউড নিয়েছেন ৬ উইকেট। মিরাজকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন হ্যাজেলউড।

/টিই/