শিরোনাম

আর্জেন্টিনার স্কোয়াডে আসছে চমক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আর্জেন্টিনার স্কোয়াডে আসছে চমক
আর্জেন্টিনা ফুটবল দল

নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন ফিফা উইন্ডোকে ঘিরে নতুন স্কোয়াড সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর এবারের দলে দেখা যেতে পারে একাধিক চমক।

সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের শুরু পর্যন্ত সম্ভাব্য প্রীতি ম্যাচগুলোর সূচি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। দুই থেকে তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তেদের। সেই ম্যাচগুলো সামনে রেখে এরই মধ্যে সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে পর্যালোচনা শুরু করেছেন স্কালোনি।

দীর্ঘ তালিকায় ফিরতে পারেন কয়েকজন পরিচিত মুখ। অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, রোমায় যোগ দেওয়া লিওনার্দো বালের্দি এবং রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকে বিবেচনায় রেখেছেন কোচ। চোটের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলতে পারেননি বালের্দি।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও আসন্ন স্কোয়াডে জায়গা পেতে পারেন। তবে নিয়মিত একাদশের থিয়াগো আলসাদা বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে ফিফার এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় একটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। এর বাইরে আরও কয়েকজন নতুন মুখকে জাতীয় দলের তালিকায় দেখা যেতে পারে।

প্রাথমিক স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলক বেশি রাখার পরিকল্পনা থাকতে পারে স্কালোনির। এতে বিভিন্ন কৌশল, ফরমেশন ও একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন তিনি।

বিশ্বকাপজয়ী দলের অভিজ্ঞদের মধ্যে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস এবং রদ্রিগো দে পলকে দলে রাখার সম্ভাবনাই বেশি। তবে নিষেধাজ্ঞার কারণে পাওয়া যাচ্ছে না লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনাকে। পারেদেস ১০ ম্যাচ এবং মলিনা ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। অন্যদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নিকোলাস ওতামেন্দিও আর থাকছেন না।

এমন পরিস্থিতিতে ক্রিস্টিয়ান রোমেরোর ওপর বাড়তি দায়িত্ব পড়তে যাচ্ছে। মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ালে দলের নতুন নেতৃত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে রোমেরোকেই দেখা হচ্ছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো লিওনেল মেসিকে ঘিরে। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ২১ বছরের পথচলা শেষে কিংবদন্তি অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আসন্ন ফিফা উইন্ডোতে মেসিকে দলে পাওয়ার সম্ভাবনা কম। যদিও বিশ্বকাপ ফাইনালই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ-এমন সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) অবশ্য মেসিকে দেশের মাটিতে আরও একটি ম্যাচ খেলিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা করছে। সমর্থকদের সামনে প্রিয় অধিনায়ককে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে চায় তারা।

এদিকে, স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বরে আর্জেন্টিনা কোচের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তবে দল গুছিয়ে নেওয়ার পাশাপাশি স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা এগিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদী এএফএ।

সব মিলিয়ে, বিশ্বকাপ-পরবর্তী আর্জেন্টিনা দলে একদিকে যেমন পুরোনো তারকাদের ধরে রাখার চেষ্টা চলছে, অন্যদিকে নতুন মুখদের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ে তোলার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

/এসবি/