শিরোনাম

তিউনিসিয়ার বিপক্ষে ২-০ তে এগিয়ে জাপান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
তিউনিসিয়ার বিপক্ষে ২-০ তে এগিয়ে জাপান
গোলের পর জাপানের খেলোয়াড়দের উদযাপন

কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলাতে পারছে না তিউনিসিয়া। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দলের কোচকে। তার জায়গায় আসা নতুন কোচ হার্ভে রেনারের অধীনে জাপানের বিপক্ষে ম্যাচেও কঠিন পরিস্থিতিতে রয়েছে দলটি। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে আছে তিউনিসিয়া।

রবিবার (২১ জুন)মেক্সিকোর এস্তাদিও মনতেরেতে বিশ্বকাপের বিশেষ এক ম্যাচে মুখোমুখি হয়েছে তিউনিসিয়া ও জাপান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান এবং তার ফলও পেয়ে যায় দ্রুত। চতুর্থ মিনিটেই কেইতো নাকামুরার দারুণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন দাইচি কামাদা। বিশ্বকাপের মঞ্চে জাপানের হয়ে এটি অন্যতম দ্রুততম গোল হিসেবে জায়গা করে নেয়।

প্রথম গোল হজমের পর তিউনিসিয়া খেলায় ফেরার চেষ্টা করলেও জাপানের সুশৃঙ্খল রক্ষণভাগ ও মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের সেই সুযোগ দেয়নি। আক্রমণে ওঠার প্রতিটি প্রচেষ্টাই বারবার থেমে গেছে প্রতিপক্ষের চাপে।

প্রথমার্ধের ৩১ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জাপান। কৌ ইতাকুরার নিখুঁত পাস থেকে বল পেয়ে আয়াসে উএদা বক্সের বাইরে থেকেই দুর্দান্ত শটে গোল করেন। তার শটে তিউনিসিয়ার গোলরক্ষক পুরোপুরি পরাস্ত হন।

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের তীব্রতা কমায়নি জাপান। বলের দখল, দ্রুত পাস বিনিময় এবং গতিময় ফুটবলে তারা পুরো সময়জুড়েই আধিপত্য ধরে রাখে। অন্যদিকে তিউনিসিয়া বিচ্ছিন্ন কিছু আক্রমণ গড়লেও সেগুলো খুব সহজেই সামলে নেয় জাপানের ডিফেন্স।

ম্যাচ যত এগোচ্ছে, জয় ততই জাপানের নাগালের মধ্যে চলে আসছে। বিপরীতে তিউনিসিয়ার সামনে কঠিন হয়ে উঠছে পরিস্থিতি, কারণ পরাজয়ের শঙ্কা তাদের বিশ্বকাপ স্বপ্নকে বড় ধাক্কা দিতে পারে।

গ্রুপ এফের লড়াইয়েও এই ম্যাচের গুরুত্ব অনেক। জাপান যদি শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারে, তবে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে তারা বড় ধরনের সুবিধা অর্জন করবে।

/এসবি/