এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখাচ্ছে কাবাডি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমসে পদকের স্বপ্ন দেখাচ্ছে কাবাডি
বাংলাদেশ পুরুষ কাবাডি দল

এশিয়ান গেমসে টানা চার আসরে ব্যর্থতায় কাবাডিতে পদক যেন হয়ে উঠেছিল মরীচিকা। এবার জাপানের মাটিতে ভিন্ন কিছুর আভাস দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে প্রায় দুই দশকের পদক খরা কাটানোর স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ দল।

জাপানের তোকাই সিটিজেন জিমনেশিয়ামে সোমবার (২১ সেপ্টেম্বর) ‘এ’ গ্রুপের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল।

দিনের শুরুতেই দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ২২ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে।

রোমাঞ্চ ছড়ায় বিকালের ম্যাচে। বাংলাদেশ প্রথমার্ধে ২৪-২০ ব্যবধানে লিড পেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা চালায় তাইপে। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের নাটকীয় ব্যবধান ধরে রেখে ৪৮-৪৭ পয়েন্টের রুদ্ধশ্বাস জয়ে ম্যাট ছাড়ে বাংলাদেশ।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ কাবাডি দল। দুই ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের ৮২ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের অর্জন ৮৭ পয়েন্ট।

পদক নিশ্চিত করার মিশনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্বাগতিক জাপানের মুখোমুখি হবে লাল-সবুজরা। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ।

আগামী ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ও সবচেয়ে কঠিন লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

কাবাডিতে বাংলাদেশের পদক জয়ের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ হলেও সাম্প্রতিক চিত্রটা বিবর্ণ। ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর ২০০৬ সালের দোহা আসরেও একই পদক জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ টানা চার আসরেই খালি হাতে ফিরতে হয়েছে।

/টিই/