শিরোনাম

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ
ছবি: সংগৃহীত

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত আজ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে এ দিবস। এ উপলক্ষে রাতে বিভিন্ন মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানদের কাছে শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী প্রদান করেছেন। এ উপলক্ষে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা শবে বরাতকে আল্লাহর রহমত অর্জনের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা এবং মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহর অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত।’

এ রাতে বাসাবাড়ির পাশাপাশি বিভিন্ন মসজিদে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিলসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে এ উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন। পাশাপাশি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন।

/জেএইচ/