দাম্মাম ও রিয়াদে বাংলাদেশ বিমানের ৩ দিনের সব ফ্লাইট স্থগিত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
দাম্মাম ও রিয়াদে বাংলাদেশ বিমানের ৩ দিনের সব ফ্লাইট স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ছবি: সংগৃহীত

সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। এতে শত শত ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয় হয়েছে। এবার দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে দাম্মামগামী রুটের তিন দিনের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটেও আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশেও ফেরত আসতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

স্থগিত হওয়ায় এসব ফ্লাইটের ২০ হাজার ৬৭২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ভারতের ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ও ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

/জেএইচ/