মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব যুক্ত হতে থাকে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব যুক্ত হতে থাকে
প্রতীকী ছবি

পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ (কুল্লু নাফসিন যা-ইকাতুল মাউত) অর্থ: প্রত্যেক প্রাণিই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষের মৃত্যুর সঙ্গে দুনিয়ায় তার আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তবে জীবদ্দশায় করা এমন কিছু কাজ রয়েছে, যার জন্য মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকে। ইসলামে এসব আমলের মধ্যে সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং নেক সন্তান রেখে যাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মানুষ মারা গেলে তার সব আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে তিনটি আমলের সওয়াব অব্যাহত থাকে। এগুলো হলো সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস: ৪১১৫)

অন্য একটি হাদিসে মৃত্যুর পরও ৭ ধরনের আমলের সওয়াব পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো

  1. দ্বিনি জ্ঞান শিক্ষা দেওয়া
  2. নদী-নালা প্রবাহিত করা
  3. কূপ খনন করা
  4. ফলবান গাছ রোপণ করা
  5. মসজিদ নির্মাণ করা
  6. এমন সন্তান রেখে যাওয়া যে মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে
  7. কোরআন বিতরণ করা বা কোরআনের উত্তরাধিকার রেখে যাওয়া।

(সহিহুল জামে, হাদিস: ৩৬০২)

অপর এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ৪টি কাজের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। সেগুলো হলো- আল্লাহর পথে সীমান্ত প্রহরা দেওয়া, এমন সুন্নাহ বা নেক আমল চালু করা যা অন্যরা অনুসরণ করে, স্থায়ীভাবে চলমান থাকে এমন দান করা এবং এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। (মুসনাদে আহমাদ, হাদিস: ২২)

এছাড়া প্রখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ (রহ.) মৃত ব্যক্তির পক্ষ থেকে ৪টি কাজ করার কথা উল্লেখ করেছেন। এগুলো হলো- দাস মুক্ত করা, দান-সদকা করা, হজ আদায় করা এবং ওমরাহ পালন করা। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১২০৮৫)।

/জেএইচ/