সরকারি সম্মানীর আওতায় আসছেন আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সরকারি সম্মানীর আওতায় আসছেন আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেম
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

বাকি প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। যারা এখনো তালিকাভুক্ত হননি, তারাও তালিকাভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।

পর্যায়ক্রমে মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদেরও সরকারি সম্মানীর আওতায় আনা হবে। আগামী চার অর্থবছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন আরও জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

/টিই/