শিরোনাম

সরকারি টাকা পকেটে ভরলে জেলখানায় যেতে হবে: হুইপ দুলু

নাটোর সংবাদদাতা
নাটোর সংবাদদাতা
সরকারি টাকা পকেটে ভরলে জেলখানায় যেতে হবে: হুইপ দুলু
নাটোরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, দুর্নীতি করে সরকারি টাকা যদি কারো পকেটে যায়, তাকে অবশ্যই জেলখানায় যেতে হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোরের ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রায় তিন কোটি টাকার উন্নয়নমূলক কাজের চেক এবং ২৬৭ জন অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীর মাঝে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, আগামী ৫ বছরে তার সুফল সবাই পাবে। নাটোরের কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। সরকারের অর্থ দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে চুরি ও দুর্নীতির টাকা যেভাবে ভাগাভাগি হয়েছে, সেই দিন শেষ। সরকারি তহবিলের টাকা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

/এসআর/