শেখ হাসিনা বৈধভাবে ক্ষমতায় ছিলেন না: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা বৈধভাবে ক্ষমতায় ছিলেন না: রিজভী
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

শেখ হাসিনা বৈধভাবে ক্ষমতায় ছিলেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বারবার ভোটকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিলেন শেখ হাসিনা। এ কারণে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। মধ্যরাতের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তোলা হয়েছিল। জনগণ ভোটাধিকার ও কথা বলার অধিকার হারিয়েছিল। বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজের লোক বসিয়ে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘দেশ যদি অন্যায়-অবৈধভাবে চলে, তাহলে আন্দোলন, গণজাগরণ এবং জনগণের উত্থান তৈরি হয়। তাতে যারা অপরাধ করে, সেই শাসকদের পালিয়ে যেতে হয়। এটাই সত্য কথা।’

সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও স্বাস্থ্য কার্ডের সমালোচনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘গণতান্ত্রিক পরিবেশে সরকারের সমালোচনা করার অধিকার সবার আছে। তবে সমালোচনার নামে জনগণকে বিভ্রান্ত না করে সত্য ও ন্যায়সংগত কথা বলা উচিত।’

বর্তমানে দেশে বেআইনিভাবে হত্যা কখনোই সম্ভব হবে না– দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কোনো অন্যায় পার পাবে না। বেআইনিভাবে হত্যা– এই দেশে কখনোই সম্ভব হবে না। ন্যায়বিচার হবে এবং আইন-আদালতের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত হবে।’

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’– ভারতের এক মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘কোনো দেশ অন্যায় ও অবৈধভাবে পরিচালিত হলে সেখানে আন্দোলন, গণজাগরণ ও জনগণের অভ্যুত্থান ঘটে।’

তিনি আরও বলেন, ‘পার্শ্ববর্তী দেশে কি হচ্ছে, না হচ্ছে, সেটা বলার কথা নেই। যখন বাংলাদেশকে ইঙ্গিত করে বলা হয়, তখন তো আমাদের কথা বলার আছে।’

দুর্গাপূজার নিরাপত্তা, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সারের সরবরাহে সৃষ্ট সংকট কথা তুলে রিজভী বলেন, ‘শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রধানমন্ত্রী সরকারি প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বিএনপির নেতারা সারা দেশে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি আমদানিতে বাধা তৈরি হলেও, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি ও সার সংগ্রহের চেষ্টা করছে বলেও জানান বিএনপির এই নেতা।

বিক্ষোভ সমাবেশে জেটেব'র সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/