শিরোনাম

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো এনসিপি

নিজস্ব প্রতিবেদক
ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললো এনসিপি
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা (ছবি: সিটিজেন জার্নাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়, ইসি বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে গেছে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলা হয়ে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা গণঅভ্যুত্থানের মেন্ডেড দিয়ে ক্ষমতায় বসিয়েছি। যাতে তারা বিচার ব্যবস্থার সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারে। আমরা শেষ পর্যান্ত আশা রাখতে চাই এবং আমরা আজকে যে অভিযোগগুলো করেছি, এগুলো আমরা নির্বাচন কমিশনকেও দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শেরপুরে যে ঘটনা ঘটেছে এবং কারা হামলা করেছে, এটা স্পষ্ট। অপরাধীদেরকে যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়, তাহলে সারা দেশে অন্যরা এটা শিক্ষা হিসেবে গ্রহণ করবে। কিন্তু আমরা নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে দেখিনি। এটা খুবই দুঃখজনক। শেষ পর্যন্ত দেখতে চাই।’

আকরাম হোসাইন জানিয়েছেন, বিএপির দলীয় প্রধান তারেক রহমান প্রকাশ্যে গণভোটের সমর্থনে বক্তৃতা দিলেও সারাদেশে বিএনপির নেতা কর্মী ও সংগঠকরা 'না' বাক্সে ভোট দেয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. নিজাম উদ্দিন, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত, যুব শক্তির যুগ্ম সদস্য সচিব সাওন মাহফুজসহ অন্যরা।

/টিই/