শিরোনাম

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে ওয়াকআউটের হুঁশিয়ারি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে ওয়াকআউটের হুঁশিয়ারি জামায়াতের
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। ছবি: সিটিজেন জার্নাল

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে অধিবেশন শুরুর আগেই উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ থেকে ওয়াকআউট করতে পারে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রাষ্ট্রপতির। সেই নিয়ম অনুসারে আজ সংসদে ভাষণ দেওয়ার কথা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। কিন্তু তার এই ভাষণের বিরোধিতা করছে জামায়াতে ইসলামীসহ বিরোধী শিবিরের কয়েকটি দল।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হামিদুর রহমান আজাদ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদ ভবনে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি ভাষণ দিলে তাদের দল সংসদ থেকে ওয়াকআউট করবে।

হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হয়েছেন এবং তিনি ‘স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ’। সংসদে তার ভাষণ দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াবে, তা বোধগম্য নয়। এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। সেই বিধান অনুযায়ী আজ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন।

এই সংসদে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল।

/এসএ/