শিরোনাম

একই অঞ্চলে ব্যাংকের শাখা স্থানান্তরে নতুন নীতি প্রস্তাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
একই অঞ্চলে ব্যাংকের শাখা স্থানান্তরে নতুন নীতি প্রস্তাব
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

একই অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার বিধান তুলে দিতে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের বাজেট উপস্থাপন করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের শাখার জন্য ভাড়া নেওয়া, স্থানান্তর, অবকাঠামো সাজসজ্জার খরচ ও ভাড়ার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সহজীকরণ করা হবে।

বাজেট বক্তব্যে তিনি আরও বলেন, একই অঞ্চলের মধ্যে ব্যাংকের শাখা স্থানান্তরসহ এসব বিষয়ে ওই ব্যাংকের পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নেবে।

বর্তমানে কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য নতুন শাখা খোলা ও তার সাজসজ্জার খরচের একটি মানদণ্ড ঠিক করে রেখেছে বাংলাদেশ ব্যাংক। নতুন শাখা খোলা, পুরনো শাখা স্থানান্তর, পুনরায় সাজসজ্জা, স্থান ভাড়া নেওয়া ও তার মেয়াদ বাড়ানো সংক্রান্ত প্রতিটি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হয়।

শাখা ভাড়া নেওয়া, আগাম অর্থ দেওয়া ও সাজসজ্জায় অতিরিক্ত খরচের অভিযোগ উঠলে এসবের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ ব্যাংক।

পরিচালক ও প্রভাবশালীদের ভবনে কয়েকগুণ আগাম অর্থ দেওয়া, অতিরিক্ত ভাড়া ও উচ্চ দামে উপকরণ কেনার অহরহ অভিযোগ উঠলে এসব বিষয়ে নীতিমালা জারি করে দেয় বাংলাদেশ ব্যাংক। একই এলাকায় একাধিক ব্যাংকের শাখা থাকলেও ব্যাংকভেদে স্থানের ভাড়া ও উপকরণের দামে বড় ব্যবধানের অভিযোগের সত্যতা পেয়ে নতুন ভাড়া নেওয়া, স্থানান্তর খরচ ও প্রতি বর্গফুট সাজসজ্জার খরচের বিষয়ে নীতিমালায় সীমা বেঁধে দেওয়া হয়।

এসব বিষয়ে অনুমোদন দেওয়ার বেলায়, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ আর্থিক বিষয়গুলো যাচাই করে দেখে। কোন ব্যাংকের কেমন খরচ করছে তার একটি তুলনামূলক পর্যালোচনা করে সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ব্যাংক।

অর্থমন্ত্রীর প্রস্তাব পাস হলে ব্যাংকের পরিচালক পর্ষদই পুরোনো শাখার বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন।

/এফআর/