নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যের সংলাপ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যের সংলাপ চায় জামায়াত
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক। এতে অংশ নেন শীর্ষ পর্যায়ের নেতারা।

দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে আলোচনার টেবিলে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়েই তারা ওই আলোচনায় বসার পরিকল্পনা করছে। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে (ভেন্যু) সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশে চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেয় দলটি। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর জামায়াত জানিয়েছে- সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের আয়োজন হতে হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ডাকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারেই জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

সংলাপের দিনক্ষণ সম্পর্কে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নিবে।

গোলাম পরওয়ার বলেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে এনসিপি থাকবে বলে তাদের জানিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’

/বিবি/