গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা উদ্বেগজনক: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা উদ্বেগজনক: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দেশের তৈরি পোশাক শিল্পের চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জামায়াতের আমির এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ্ববাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরি পোশাক খাত সত্যিই এক কঠিন সময় পার করছে।’

পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার সংকটের কথাও ওই পোস্টে তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সংকটের মুখোমুখি হচ্ছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে তিনি বলেন, প্রধান এই রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যে সমস্ত সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা দূর করার জন্য সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে। যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো যায়, তখন এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি– দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।

একই সঙ্গে, পোশাকশিল্পের চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান সতর্ক করে বলেন, এক্ষেত্রে যেকোনো ব্যর্থতা দেশের সব ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের কোনোই সুযোগ নেই।

/এফআর/