শিরোনাম

জুলাই ফিরবে, জনতার বিজয় হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
জুলাই ফিরবে, জনতার বিজয় হবে: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আবার ফিরে আসবে, তখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ বিদায় হবে। আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো। জনতার বিজয় হবে।

শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, মহান জাতীয় সংসদে সরকারি দল মুখে জুলাইয়ের কথা বলেন, কিন্তু কার্যত আমরা তদের কাছ থেকে উল্টোটা দেখতে পাই। তারা দুটি ভোটের একটা ৫১ শতাংশ মানেন, যা তাদের নিজেদের স্বার্থের অনুকূলে। কিন্তু আরেকটি গণভোটের ৭০ শতাংশ মানেন না- যা শাসকগোষ্ঠীকে স্বৈরতন্ত্র হওয়া থেকে রক্ষা করবে, জাতিকে বৈষম্যমুক্ত করবে, সুশাসন কায়েম করবে এবং সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দিতে পারবে। তাদের এই দ্বিচারিতা জাতির জন্য লজ্জার, দুঃখের। যেদিন ৭০ শতাংশ ভোটের রায় মানবে, সেদিন বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হবে।

তিনি বলেন, বিএনপি প্রত্যেকটি বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী পথ অনুসরণ করে যাচ্ছে। যে আওয়ামী লীগ জাতি ও বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ করত এবং লাঠিয়াল দিয়ে কর্তৃত্ববাদ কায়েম করেছিল। বর্তমানে আফসোসের ব্যাপার হলো, রাষ্ট্রের যেখানে যেখানে সংস্কার দরকার, তার প্রত্যেকটি বিষয়ে বিরোধিতা করছে বিএনপি। এটি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

বিরোধী দলীয় নেতা বলেন, দেশে জুলাই না হলে এই রাজনীতি থাকতো না। আমাদের ভাই-বোনদের স্বামী-সন্তানরা জীবন না দিলে আপনারা ক্ষমতায় বসতে পারতেন না। শহীদ পরিবাররা যখন কান্না করছিলেন, তখন তাদের পাশে যাওয়ার সময় ছিল না বিএনপির। তখন তারা নির্বাচন চেয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য।

তিনি বলেন, সেদিন আপামর ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। সবাই মাস্টারমাইন্ড। প্রত্যেক ব্যক্তি ও পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা কী পারছি, আর পারিনি, তার জবাবদিহিতিা আছে।

জামায়াত আমির বলেন, যে আইন বাস্তবায়ন হলে, অধ্যাদেশ পাস করলে রাষ্ট্র সংস্কার হবে- সেগুলো বিএনপি বাতিল করে দিচ্ছে। তারা গণভোটের রায় অস্বীকার করার মধ্যদিয়ে ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে।

/এসবি/