দেরি হয়ে যাচ্ছে, বিপদে পড়বেন: প্রধানমন্ত্রীকে অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেরি হয়ে যাচ্ছে, বিপদে পড়বেন: প্রধানমন্ত্রীকে অলি আহমদ
‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি' উপলক্ষে আলোচনা সভায় কর্নেল (অব.) অলি আহমদ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, দেরি হয়ে যাচ্ছে, বিপদে পড়বেন। অতীত থেকে শিক্ষা নিন।

তিনি বলেন, আপনার সঙ্গে যারা আছে, তারা আপনাকে পরামর্শ দেওয়ার উপযুক্ত নয়। তাদের অভিজ্ঞতা এবং শিক্ষা, কিছুই নেই। আছে শুধু আমাদেরকে গালাগাল করবে এবং দেশের ক্ষতি করার জন্য যা যা করার দরকার, সেটা করবে। আপনার শত্রু আমরা নই, আপনাদের চারপাশে যারা আছে, তারাই আপনার শত্রু। তাদের দ্বারাই আপনি ক্ষতিগ্রস্ত হবেন।

রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর, দেশি এবং বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং গেছে। এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, এক কোটি লোককে চাকরি দেবে। এখন কিন্তু উল্টো হচ্ছে। প্রায় ৮০ হাজার মানুষ চাকরিচ্যুত হয়েছে। এদিকে আইনশৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। কেউ নিরাপদে ঘুমাতে এবং রাস্তায় চলাফেরা করতে পারে না। দেশে আইন নেই বললেই চলে।

তিনি বলেন, সরকার প্রবাসীদেরকে অবহেলা ও তুচ্ছতাচ্ছিল্য করছে। আপনারা যদি জেনেশুনে মানুষের দুঃখের কথা না বোঝেন, সমস্যার সমাধান না করেন, তাহলে কিভাবে দেশ চলবে।

অলি আহমদ আরও বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। সেভাবে মানুষের আয় কিন্তু বাড়ছে না। ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে না। প্রধানমন্ত্রী, আপনি এগুলো বোঝার চেষ্টা করুন।

/এফসি/