শিরোনাম

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের কোনো অপশন নেই: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের কোনো অপশন নেই: সারোয়ার তুষার
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা। ছবি: সিটিজেন জার্নাল

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গণভোটের মাধ্যমে জনগণ যখন জুলাই সনদকে অনুমোদন করেছে, এটাকে বাস্তবায়ন করা ছাড়া সরকারের অন্য কোনো অপশন নেই। কোনো সরকারই গণভোটের রায়কে পাল্টে দিতে পারে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, সরকার যে অধিবেশন ডেকেছে, সেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার ব্যাপারে সরকার যদি কোনো ইতিবাচক মনোভাব না দেখায় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, তাহলে অবশ্যই এটা বাংলাদেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাবে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে যে নির্বাচন হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে- যারা নির্বাচিত হবে, তারা একসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমেদ) যে বক্তব্য দিয়েছেন, এটা খুবই বিভ্রান্তিকর তথ্য।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘সিনিয়র রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা গণভোটের রায় নিয়ে যেভাবে মন্তব্য করছেন, সেই মন্তব্যগুলো কোনোভাবে আশাব্যঞ্জক না। আমরা আশা করবো বিএনপি গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের যে রায় এবং আকাঙ্খা, সেগুলোর প্রতি শ্রদ্ধা রাখবে।’ যে প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে, সেটা নজিরবিহীন ঘটনা বলেও মত দেন এনসিপির এই নেতা।

/টিই/