শিরোনাম

দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বর্তমান সরকার শুধুমাত্র জনগণের ভোটের রায়ের সঙ্গে প্রতারণাই করেনি, দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ যেহেতু একটি দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, জাতীয় সংসদে বিরোধী দল একসঙ্গে দেশের স্বার্থে কাজ করার কথা বলেছে। সরকারকে সহযোগিতা করার কথাও বলেছে। কিন্তু আমরা দেখি, এই সরকার শুধুমাত্র জনগণের ভোটের রায়ের সঙ্গে প্রতারণাই করেনি, দেশ পরিচালনার ক্ষেত্রেও বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গত ১৭ বছরের গুম-খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার হয়নি। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করছে সরকার।

তিনি বলেন, নির্বাচনের মাত্র চার-পাঁচ মাস হলো। এর মধ্যেই বিদ্যুতের দাম বাড়াবে না বলেও রেকর্ড পরিমাণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়ানো হয়েছে। আগে আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ যে বাজার ১০০ টাকা দিয়ে করত, সেই বাজার এখন দেড়শ টাকা দিয়ে করতে হচ্ছে। সুতরাং এই সময়ে বিএনপি কীভাবে দেশ পরিচালনা করবে, কতটুকু তারা সফল হবে, সেটা আমাদের সবার দেখা হয়ে গেছে।

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগ অনেক অত্যাচার, অনিয়ম, অন্যায় করেছে। তাদের পতন শুধুমাত্র অত্যাচার, অন্যায়-অনিয়মের জন্য হয়নি। তাদের পতন হয়েছে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার কারণে। এই সরকারও সেই একই পথে হাঁটা শুরু করেছে। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে বিরোধী জোট হিসেবে জনগণের পক্ষে আমাদের দাঁড়াতে হতে পারে।

/এসবি/