শিরোনাম

আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আজ খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় রওনা দেবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১টা ৪০ মিনিটে নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বেলা ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

২২ বছর পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া প্রথমবারের মতো যশোরে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনী জনসভা সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খুলনা ও যশোরের সমাবেশকে সামনে রেখে গত রবিবার (১ ফেব্রুয়ারি) পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলের দায়িত্বশীল নেতারা। সেখানে তারা সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।

জনসভা উপলক্ষে দক্ষিণাঞ্চলে উৎসাহ-উদ্দীপণা বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, ‘জনসভাকে কেন্দ্র করে খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যেই মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।’

যশোরের সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগের ভিত্তিতেই আসবেন।’

/জেএইচ/