শিরোনাম

দুর্বল প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে নতুন সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
দুর্বল প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে নতুন সরকার: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল । এখন নতুন সরকার সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন করবে। আর বিষয়টি এই সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।

দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নির্বাচনী এলাকায় আসেন। এ সময় তিনি গাড়ি থেকে নেমে লোকজনের সঙ্গে হাত মেলান ও কথা বলেন।

এই সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে নতুন সরকার।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন,‘স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে। এটা আমরা আগেও বলেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের কারণেই আমি আজ কাজ করার সুযোগ পেয়েছি।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ও সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

/বিবি/