পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের
সায়মা ওয়াজেদ পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে এবার আইনি পদক্ষেপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের কেন্দ্রে রয়েছে বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা সম্পর্কে দেওয়া তথ্য এবং সেই তথ্যের ভিত্তিতে নিয়োগ পাওয়ার বিষয়টি।

রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এর একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি পেতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে, অন্যটি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে।

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে আবেদন করার সময় জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য দেন পুতুল। তবে দুদকের দাবি, ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি ও পর্যালোচনার কাজে অংশ নেওয়ার অভিজ্ঞতা তার ছিল না।

তদন্তে আরও বলা হয়েছে, এসব তথ্যের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথি প্রস্তুত ও যাচাইয়ের ক্ষেত্রে চাপ প্রয়োগ করা হয়। পরে বাংলাদেশের স্থায়ী মিশনসহ সংশ্লিষ্ট চ্যানেলে তথ্য পাঠানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা সদর দপ্তরে। এরপরই তিনি সংস্থাটির আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান বলে অভিযোগে উল্লেখ করেছে দুদক।

এ ছাড়া, ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হয়েছিলেন সায়মা ওয়াজেদ। দুদকের দাবি, ওই দায়িত্বে থাকার সময় তার অভিজ্ঞতা সম্পর্কে দেওয়া তথ্যও অসত্য ছিল।

এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে দুদক।

/আরএ/