সংসদে দাঁড়িয়ে বিএনপি টিয়া পাখির মত মিথ্যা কথা বলে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদে দাঁড়িয়ে বিএনপি টিয়া পাখির মত মিথ্যা কথা বলে: হাসনাত আব্দুল্লাহ
এবি পার্টির আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি জনগণের সাথে জুলাই সনদের ১৮টি ধারা নিয়ে প্রতারণা করেছে। দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা প্রতিদিন সংসদে দাঁড়িয়ে টিয়া পাখির মত মিথ্যা কথা বলেন, এমন অভিযোগও করেছেন। একইসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে পদে পদে জাতির সঙ্গে প্রতারণা করছে।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদের এক বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সালাউদ্দিন আহমেদ যেভাবে প্রধানমন্ত্রীকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়তো আপাতত খুশি আছেন। প্রধানমন্ত্রীকে যদি হাসপাতাল পরিদর্শন করতে হয়, তাহলে বুঝে নিতে হবে হাসপাতাল পরিদর্শন যার করার কথা, সেটির স্ট্রাকচার কলাপ্স করেছে। প্রধানমন্ত্রীকে এখন ময়লা পরিষ্কার করার কথা বলতে হয়, উৎপাত পরিদর্শন করতে হয়, তার মানে যে স্ট্রাকচার রয়েছে, সেটি আর কাজ করছে না।’

এ সময় তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশের ব্যবসায়ী স্বার্থের জন্য। এ দেশর যদি ভারসাম্য নষ্ট হয়ে থাকে, তাহলে এ লাভ হচ্ছে সালাউদ্দিনদের মতো ব্যবসায়ীদের… লাভ হচ্ছে মীর শাহে আলমের মতো মানুষদের। যারা ৫ আগস্টের পর দেশে এসে প্রভাবশালী মন্ত্রীর ভূমিকায় আবির্ভূত হয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, নতুন করে যারা বিএনপি সেজেছে, তারা এখন বিএনপিকে ডিফেন্ড করে। কিন্তু আজীবন যারা বিএনপি করে এসেছে, তারা লজ্জায় এখন ক্যামেরার সামনে আসে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

/আরএ/