যে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যে শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের তাগিদ দেন তিনি।

তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা ঘটছে, তা একটি নির্বাচিত সরকারের আমলে কাম্য নয়।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটি অংশ, সেটিও মনে হচ্ছে না।

তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের সুরক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

/এসবি/