শিরোনাম

বিজ্ঞপ্তির দুই দিনের মাথায় বন্ধ নারায়ণগঞ্জের বাণিজ্যিক প্লট নিলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞপ্তির দুই দিনের মাথায় বন্ধ নারায়ণগঞ্জের বাণিজ্যিক প্লট নিলাম
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বিজ্ঞপ্তি প্রকাশের দুই দিনের মাথায় স্থগিত হলো নারায়ণগঞ্জের ফতুল্লা বাণিজ্যিক এলাকার ৩৩টি প্লটের নিলাম কার্যক্রম। বুধবার (১৯ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে নিলাম কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে, লে-আউট পুনর্বিন্যাস ও প্রয়োজনীয় সংশোধনের কথা বলে নিলাম স্থগিতের কথা বলা হলেও সংশ্লিষ্ট সূত্র বলছে, মূলত প্রশাসনিক মন্ত্রণালয়ের হস্তক্ষেপেই নিলাম কার্যক্রম বন্ধ হয়েছে।

রাজউক সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই অনুষ্ঠিত সংস্থাটির ২০২৬ সালের ১৮তম বোর্ড সভায় নারায়ণগঞ্জের ফতুল্লা বাণিজ্যিক এলাকার ৩৩টি বাণিজ্যিক প্লট এবং ঢাকার বাড্ডা ১০ একর পুনর্বাসন এলাকার দুটি বাণিজ্যিক প্লট নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি ‘নিলাম কমিটি’ গঠনের অনুমোদন দেয় রাজউক বোর্ড। নিলাম কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) ডা. মোহাম্মদ শাহাদাত হোসেনকে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবকে অবহিত না করেই নিলাম কার্যক্রম এগিয়ে নেয় রাজউক। বিষয়টি জানার পর গত রবিবার (১৬ আগস্ট) গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ও প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ারকে মন্ত্রীর কক্ষে ডেকে নেন। সেখানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে না জানিয়ে প্লট নিলামের কার্যক্রম শুরু করায় রাজউকের দুই শীর্ষ কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। পরে বিষয়টি নিয়ে কর্মকর্তাদের প্রতি বিরক্তি প্রকাশ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর পরই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্লটগুলোর নিলাম কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত আসে।

তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীর আপত্তির বিষয়টি অস্বীকার করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, ‘বাণিজ্যিক ব্যবহারের জন্য প্লটগুলো ছোট হওয়ায় লে-আউট পুনর্বিন্যাস করে ন্যূনতম ১০ কাঠা করার জন্য নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

/এসএ/