গণপূর্তের সব দপ্তরের জন্য বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
গণপূর্তের সব দপ্তরের জন্য বিশেষ নির্দেশনা
গণপূর্ত অধিদপ্তর

চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কাজ গতিশীল করা এবং বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরে ‘পিডব্লিউডি প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার’ (পিপিএমএস) ব্যবহারের নির্দেশ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। গত ২৮ অক্টোবর গণপূর্ত ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি জারি করা হয়।

চিঠিতে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন/রাজস্ব বাজেট এবং সংযুক্ত খাতের অন্তর্ভুক্ত ও অনুমোদিত প্রকল্পগুলোর কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে অধিদপ্তরের কেন্দ্রীয় দপ্তরের মনিটরিং সার্কেলসমূহ এবং মাঠপর্যায়ের দপ্তরগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপিত হবে। পাশাপাশি, মাঠপর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত সকল দপ্তরের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান, তথ্য সংরক্ষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রধান প্রকৌশলীর জরুরি নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সকল দপ্তরকে বর্তমানে চলমান এবং ভবিষ্যতে সংযোজিতব্য প্রকল্পসমূহের সকল তথ্যাদি—বিশেষ করে বিদ্যমান প্রকল্পের বাস্তব অগ্রগতির ছবিসহ পিপিএমএস-এ হালনাগাদ রাখার অনুরোধ জানানো হয়েছে।

কার্যক্রম পরিচালনার সুবিধার্থে চিঠিতে মনিটরিং অফিস ও মাঠপর্যায়ের দপ্তরসমূহের কাজের একটি সংক্ষিপ্ত তালিকাও দেওয়া হয়েছে। এর মধ্যে মনিটরিং অফিসের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে—নতুন প্রকল্প শুরুকরণ, অনুমোদন ও প্রয়োজনীয় ফাইল (ডিপিপি, প্রকিউরমেন্ট প্ল্যান ইত্যাদি) সংযুক্ত করা, প্যাকেজ অনুযায়ী ব্যবহারকারী যুক্তকরণ, প্রকিউরমেন্ট প্যাকেজ প্রস্তুত ও অনুমোদন এবং প্রকল্পের তদারকি ও রিপোর্ট প্রদান করা। অন্যদিকে, মাঠপর্যায়ের দপ্তরসমূহ জমি প্রাপ্তির তথ্য ও প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি, টেন্ডার ও চুক্তির (NOA, Agreement) তথ্য আপলোড, সেগমেন্ট ভিত্তিক ওয়ার্ক প্রোগ্রাম তৈরি এবং ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী নিয়মিত প্রকল্পের অগ্রগতির তথ্য (ছবি ও ভিডিওসহ) প্রদান করবে।

গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইট https://pwd.gov.bd এ অভ্যন্তরীণ ই-সেবাসমূহের মধ্যে এই সফটওয়্যারের লিংক পাওয়া যাবে। নির্বাহী প্রকৌশলী (ইএম) সাহিয়া তামান্না হক স্বাক্ষরিত ওই চিঠিতে সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনে ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী অথবা পিপিএমএস সাপোর্ট নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

/এবি/