গণপূর্ত বিভাগের কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
গণপূর্ত বিভাগের কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
গণপূর্ত অধিদপ্তর

ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পাওয়ায় চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪, আগ্রাবাদ, চট্টগ্রামে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ আবু কাউছারের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) প্রধান প্রকৌশলীর কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ আবু কাউছার ইতিপূর্বে ডিএমপি কোতোয়ালী থানার একটি ফৌজদারি মামলায় (মামলা নম্বর-১৫(১১)২৩) গ্রেপ্তার হয়ে কারাগারে প্রবেশ করায় গত ১৬ জানুয়ারি ২০২৪ তরিখে তাকে বিধি মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে গত ১১ আগস্ট ২০২৬ তারিখে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-০৫, ঢাকা জি.আর ৪৪৮/২৩ নম্বর মামলায় তাকে আনীত অভিযোগের দায় হতে খালাস প্রদান করেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ১৬ জানুয়ারি ২০২৪ তারিখের সাময়িক বরখাস্তের আদেশটি প্রত্যাহার করা হয়। এছাড়া, বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি-৭৩ মোতাবেক তার অনুপস্থিতিকাল কর্মরত হিসেবে গণ্য হবে এবং তিনি বকেয়া বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। প্রধান প্রকৌশলী মোহা. খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

/এবি/