শিরোনাম

সাংবাদিক আলী মামুদকে জাতীয় প্রেসক্লাব থেকে মৃত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক আলী মামুদকে জাতীয় প্রেসক্লাব থেকে মৃত অবস্থায় উদ্ধার
আল মামুদ। ছবি: সংগৃহীত

দৈনিক দিনকালের সিটি এডিটর ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী মামুদের বয়স হয়েছিল ৭০ বছর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলী মামুদ বাসা থেকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা তার বিভিন্ন সহকর্মীকে ফোন করে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলছিলেন, সোমবার বিকাল ৫টা পর্যন্ত তারা প্রেসক্লাবে তাকে দেখেছেন।

তাসভীর বলেন, আজ সকাল ৭টার দিকে তাকে আবার খুঁজতে বের হই। এক পর্যায়ে প্রেসক্লাবের পিয়ন ২য় তলার বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দেন। তিনি দেখেন ভেতরে কেউ একজন পড়ে আছেন। তখন বাথরুমের দরজা ভেঙে তাকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে তার ধারণা।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। তার তিননি সন্তান। দুই ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর মেয়ে কলেজে পড়েন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

/এফসি/