জুলাই জাদুঘরে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীরা পাবেন বিনামূল্যে হুইলচেয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই জাদুঘরে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীরা পাবেন বিনামূল্যে হুইলচেয়ার
ছবি: সিটিজেন জার্নাল

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সেবা চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে যেকোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে এলে তাদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে জুলাই জাদুঘর কর্তৃপক্ষ।

নতুন এ ব্যবস্থার আওতায় দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই হুইলচেয়ার সেবা গ্রহণ করতে পারবেন। দর্শনার্থীর সাথে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তারা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন।

অন্যদিকে, কোনো বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী যদি একা আসেন, তবে তাকে পুরো জাদুঘর ঘুরে দেখানো ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।

জাদুঘরের অবকাঠামো ও প্রদর্শনী কক্ষগুলো যাতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বাধাহীন ও নির্বিঘ্ন হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।

এ উদ্যোগ প্রসঙ্গে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর এ দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক কোনো সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই আমরা এই বিশেষ সেবা যুক্ত করেছি।

তিনি আরও বলেন, স্বজনদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকেরাও প্রস্তুত থাকবেন, যাতে যেকোনো দর্শনার্থী কোনো ধরনের ভোগান্তি ছাড়া পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন। আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

/এফআর/