রাষ্ট্রবিরোধী স্লোগান: আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রবিরোধী স্লোগান: আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী রিমান্ডে
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হল– স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো. মোস্তফা সরদার (৪১), যুবলীগের ঢাকা ৪৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজীব (৪০), রসুলপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সদস্য মহিউদ্দিন (৩৫), যুবলীগ কর্মী মো. রাহাদ (১৯), মো. রাশেদ (২৮), মো. সেলিম মিয়া (৫২), আব্দুস সামাদ রনি (৪৪), মো. মমিন হাওলাদার (৩৯), মো. জিহাদ (২০), রাতুল (২২), মো. মারুফ (১৯), মো. রায়হান (১৯), সানি (২২) ও নাজমুল হাসান হৃদয় (২০)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলির মুখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। এ ঘটনায় পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

/এফআর/