সায়েন্স ফিকশনে প্রথম বুকার জিতলেন ৮১ বছর বয়সী হ্যারিসন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সায়েন্স ফিকশনে প্রথম বুকার জিতলেন ৮১ বছর বয়সী হ্যারিসন
‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জয়ী এম জন হ্যারিসন

সায়েন্স ফিকশনের লেখক হিসেবে প্রথম বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সী এই লেখকের উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ এ বছর এই পুরস্কার জিতেছে। একইসঙ্গে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (প্রায় ৮০ লাখ টাকা)। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে অনেক বিজয়ী লেখক কল্পবিজ্ঞানের উপাদান ব্যবহার করেছেন। তবে হ্যারিসনই প্রথম, যিনি প্রকৃত কল্পবিজ্ঞান সাহিত্য দিয়ে বুকার জিতলেন।

তার ভাষায়, কয়েক দশকের সাহিত্যকর্মের স্বীকৃতি পাওয়া এই লেখকের জন্য জয়টি ঐতিহাসিক।

ছয় দশকেরও বেশি সময় ধরে লিখছেন হ্যারিসন। তবে এবারই প্রথম তার কোনো বই বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল। প্রথমবার মনোনয়ন পেয়েই পুরস্কার জিতে নিলেন তিনি।

১৯৮ পৃষ্ঠার উপন্যাসটি এ বছরের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা বইগুলোর মধ্যে সবচেয়ে ছোট। তবে আকারে ছোট হলেও গল্পের ভাবনা ও বিষয়বস্তুতে অনন্য।

‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের গল্প গড়ে উঠেছে ভবিষ্যতের এক পৃথিবীতে। ভয়াবহ এক বিপর্যয়ের কয়েক দশক পরের সময়ের কথা উঠে এসেছে এতে। উপন্যাসের পটভূমি ইংল্যান্ডের কেন্ট উপকূল। গল্পের দুই গুরুত্বপূর্ণ চরিত্র ফিলিপ টেন্যান্ট ও তার বৃদ্ধ খালা মার্নি। বিপর্যয়ের পর বদলে যাওয়া পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে তারা। তবে তাদের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়ায় রহস্যময় কিছু প্রাণী, যাদের নাম আইগেটি। বিশাল আকৃতির এসব প্রাণী ইচ্ছেমতো শরীরের আকার বদলাতে পারে। কোথা থেকে এরা আসে, এদের কী উদ্দেশ্য, কিছুই পরিষ্কার নয়।

এর আগে ২০১৯ সালে মার্গারেট অ্যাটউড ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। এবার হ্যারিসন তাকে ছাড়িয়ে গেলেন।

হ্যারিসনের জন্ম ১৯৪৫ সালে, ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের রাগবি শহরে। ১৯৬৫ সালে তার প্রথম গল্প প্রকাশিত হয়। সত্তরের দশকের বেশির ভাগ সময় তিনি সায়েন্স ফিকশনবিষয়ক সাময়িকী নিউ ওয়ার্ল্ডস-এর বই আলোচনা বিভাগ পরিচালনা করেছেন। উপন্যাসের পাশাপাশি তার পাঁচটি ছোটগল্পের সংকলনও প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে প্রকাশিত হয়েছে তার ব্যতিক্রমী আত্মজীবনীমূলক বই ‘উইশ আই ওয়াজ হিয়ার’।

এর আগে ১৯৮৯ সালে ‘ক্লাইম্বার্স’ বইয়ের জন্য তিনি বোর্ডম্যান টাস্কার পুরস্কার, ২০০৭ সালে ‘নোভা সুইং’-এর জন্য আর্থার সি ক্লার্ক পুরস্কার এবং ২০২০ সালে ‘দ্য সাংকেন ল্যান্ড বিগিনস টু রাইজ এগেইন’-এর জন্য গোল্ডস্মিথস পুরস্কার পেয়েছেন। একসময় তার শখ ছিল পাহাড়ে চড়া ও দুর্গম পথে দৌড়ানো। ২০২২ সালে তিনি নিজেই বুকার পুরস্কারের বিচারক প্যানেলের সদস্য ছিলেন।

এবারের বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আরও ৫ জন লেখক। তাদের মধ্যে ছিলেন এর আগে বুকারজয়ী মারলন জেমস ও ডগলাস স্টুয়ার্ট। অন্য তিনজন হলেন– এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া প্রত্যেক লেখক আড়াই হাজার পাউন্ড করে পেয়েছেন।

/এফসি/