শিরোনাম

ফুটপাতে খাবার বিক্রিতেও লাগবে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফুটপাতে খাবার বিক্রিতেও লাগবে নিবন্ধন
প্রতীকী ছবি

দেশে খাদ্যব্যবসায় শৃঙ্খলা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নতুন প্রবিধান জারি করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। নতুন ‘নিরাপদ খাদ্য প্রবিধানমালা, ২০২৬’ অনুযায়ী, ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বড় সুপারশপ পর্যন্ত সব ধরনের খাদ্যব্যবসার জন্য নিবন্ধন ও লাইসেন্স নেওয়া নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন বিধানে খাদ্যব্যবসাকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে– নিবন্ধন এবং লাইসেন্স। এর মধ্যে সাধারণ রেস্তোরাঁ, বেকারি, জুস বার, ক্যাটারিং, মিষ্টির দোকান এবং ফুটপাতের ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য ‘নিবন্ধন’ বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে, শিশুখাদ্য, পুষ্টিসমৃদ্ধ খাদ্য, জৈবপণ্য, কোল্ড স্টোরেজ এবং ভোজ্যতেলের পাইকারি ও আমদানির ক্ষেত্রে কঠোর শর্তযুক্ত ‘লাইসেন্স’ বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই লাইসেন্স ও নিবন্ধনের মেয়াদ নির্ধারণ থাকবে তিন বছর। নিবন্ধনের ফি ১ হাজার টাকা হলেও লাইসেন্স ফি দোকানের আয়তনের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

এছাড়া, প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেজিং, বিল বা প্যাডে লাইসেন্স নম্বর বা কিউআর কোড প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে বিএফএসএ।

শুধু তাই নয়, নিয়ম অমান্য করে ব্যবসা পরিচালনা করলে কারাদণ্ড ও লাখ টাকা জরিমানার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নতুন প্রবিধানে।

/এফআর/