লাইসেন্স-রুট পারমিটসহ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লাইসেন্স-রুট পারমিটসহ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ৭ দফা দাবি
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ব্যাটারিচালিত অটোরিকশার জন্য লাইসেন্স-রুট পারমিট প্রদানসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।

তারা বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে লাখ লাখ শ্রমজীবী মানুষের জীবিকা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে যুক্ত। একই সঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষের যাতায়াতে এ যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবু বকর বলেন, ঢাকা মহানগরের ৮ থেকে ১৩টি পয়েন্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা ঢাকায় প্রবেশ করে সারাদিন কাজ করে সন্ধ্যায় বের হয়ে যায়। এসব গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হলে যানজট কমবে।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো–

১. অটোরিকশাকে সড়ক পরিবহন আইনের আওতায় এনে সরকারি নিবন্ধন করা।

২. রুট পারমিট ও চালকদের লাইসেন্স প্রদান।

৩. বুয়েটের নকশা অনুযায়ী নিরাপদ ব্রেকিং সিস্টেম ও বডি কাঠামো নিশ্চিত করে পুরোনো যানবাহন আধুনিকায়নের সুযোগ দেওয়া।

৪. চালকদের জন্য বাধ্যতামূলক ট্রাফিক প্রশিক্ষণ চালু করা।

৫. ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনভিত্তিক দুটি অঞ্চলে অটোরিকশা চলাচল ব্যবস্থাপনা।

৬. সর্বোচ্চ ছয় লাখ গাড়ির লাইসেন্স বা সিলিং নির্ধারণ এবং প্রধান সড়কের পাশে পৃথক ‘লো-স্পিড লেন’ তৈরি করা।

৭. গ্যারেজে বৈধ প্রিপেইড মিটারের মাধ্যমে চার্জিং ব্যবস্থা, পরিবেশবান্ধব লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারে উৎসাহ এবং চাঁদাবাজি ও অযথা ডাম্পিং বন্ধ করা। পাশাপাশি সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় মালিক-শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি এবং সংগঠনগুলোকে আইনগতভাবে নিবন্ধন করা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাবি আদায়ে আগামী ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে।

এ সময় বাংলাদেশ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সাইদুল মোল্লা ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/