গাজীপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে সাংবাদিক-বিজিবি সদস্য আহত

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
গাজীপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়িতে আগুন, সংঘর্ষে সাংবাদিক-বিজিবি সদস্য আহত
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত হওয়া বিজিবির এক সদস্যকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন তার সহকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের দুই মহাসড়ক আটকে আজ সোমবারও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকেরা। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই সময় পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন সাংবাদিক ও বিজিবি সদস্য আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পাশাপাশি হামলায় সময় টিভির এক সাংবাদিক ও ক্যামেরাপারসন আক্রান্ত হয়েছেন এবং এসএ টিভির এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়েছেন।

অন্যদিকে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

গাজীপুরের নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের ভ্যানে আগুন দেওয়া হয়।
গাজীপুরের নাওজোড় এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের ভ্যানে আগুন দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন ৷ শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছেন।

আশুলিয়ায় কভার্ড ভ্যানে আগুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলোর শ্রমিকরাও বিক্ষোভ করছেন। বিক্ষোভ চলাকালে একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সোমবার বেলা সোয়া ১২টার দিকে একদল দুষ্কৃতকারী নরসিংহপুরে ‘নদী ফিলিং স্টেশনের’ সামনে সড়কে একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।’

/বিবি/