শিরোনাম

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা: গণপূর্ত উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা: গণপূর্ত উপদেষ্টা
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাসা প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাসা তৈরি করার প্রস্তুতি চলছে।’

এ ৩৭টি বাসার মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে বলে জানান তিনি।

গতকাল রবিবার রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত যানবাহন অধিদফতর মিলনায়তনে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন, সেগুলোসহ সরকারি যানবাহন অধিদফতরে থাকা মোট ৫০টি গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে। বর্তমান উপদেষ্টাদের মধ্যে ১০ থেকে ১২ জন উপদেষ্টা তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদফতরে জমা দিয়েছেন। তাছাড়া, যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

গাড়ি ও বাসা প্রস্তুত হলেও নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এখনো তার কোনো ধারণা পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

/জেএইচ/