শিরোনাম

বয়স চুরি করে ধরা পড়ায় নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বয়স চুরি করে ধরা পড়ায় নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার
বয়স জালিয়াতি করে বিশ্বকাপও জিতেছেন রবি কুমার (বাঁয়ে), বয়স চুরি ধরা পড়ায় রোহিত যাদব নিষিদ্ধ

জুলাইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কায় সিরিজ খেলেছিলেন রোহিত যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন যুব সিরিজের দলেও ছিল তার নাম। তবে এই লেগস্পিনারের প্রকৃত বয়স আরও বেশি। ধরা পড়ায় রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অসঙ্গতি মিলেছে ভারতের যুব বিশ্বকাপজয়ী আরেক ক্রিকেটারের বয়সেও।

বয়স জালিয়াতির ওই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। প্রাক-মৌসুম কার্যক্রমের অংশ হিসেবে ক্রিকেটারদের নথিপত্র যাচাই করার সময় রোহিতের বয়সে অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাকে ভারত অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ দেওয়া হয়।

ক্রিকইনফো জানিয়েছে, বয়সভিত্তিক পর্যায়ে বেঙ্গল দলের প্রতিনিধিত্ব করা রোহিতের দেওয়া বয়সের সঙ্গে ২৭ মাসের গরমিল পাওয়া গেছে। এমন আরও ৬৪ জনের বয়স জালিয়াতির তথ্য শনাক্ত করেছে পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থাটি।

ওই তালিকায় আছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রবি কুমারও। ২০২২ যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের পথে বাঁ-হাতি এই পেসার ৩৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে সর্বশেষ বেঙ্গল দলের হয়ে খেলা রবি কুমারের দেওয়া বয়সের সঙ্গে মূল নথির পার্থক্য ৪০ মাসের।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের জন্মসনদের পাশাপাশি স্কুল বা কলেজের শিক্ষাজীবন সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। তবু বেঙ্গল ক্রিকেট সংস্থায় ৬৪ জনের বয়সে গরমিল পাওয়ার বিষয়টি বিস্ময়কর।

/টিই/