শিরোনাম

উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার বিমানের জরুরি অবতরণ
এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজ। ছবি: এয়ার অ্যাস্ট্রা

ফ্লাইট ছিল সকাল সাড়ে ১০টায়। কিন্তু নির্ধারিত সময়ে বিমানটি উড্ডয়ন করতে পারেনি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে উড্ডয়ন করলেও বিমানটি গন্তব্যে পৌঁছাতে পারেনি। উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার এটিআর ৭২–৬০০ মডেলের বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমনিতেই ফ্লাইটে বিলম্ব ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের কথা ছিল সকাল সাড়ে ১০টায়। প্রায় দেড় ঘণ্টা বিলম্বের পর সেটি ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় দুপুর ১২টায়।

কিন্তু উড্ডয়নের দুই থেকে তিন মিনিটের মধ্যে পাইলট বুঝতে পারেন, বিমানের একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি আছে। কোনোপ্রকার ঝুঁকি না নিয়ে তিনি দ্রুতই বিমান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসেন। নিরাপদে জরুরি অবতরণ করতেও সক্ষম হন। এ সময় বিমানে থাকা ৭০ জন যাত্রী এবং ক্রুদের সবাই অক্ষত ও নিরাপদ ছিলেন।

বিমানটি জরুরি অবতরণের পর যাত্রীদের দ্রুতই টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে অন্য একটি বিমানে করে ৭০ জন যাত্রীর সবাইকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

/আরএ/