শিরোনাম

৬ ডিআইজিসহ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
৬ ডিআইজিসহ পুলিশের ৯ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের লোগো

দেশের ৬ বিভাগে ডিআইজিসহ ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন মো. ইকবাল হোসেন। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ছিলেন। বরিশাল মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে বরিশাল মহানগরের কমিশনার করা হয়েছে।

বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি করা হয়েছে।

দুই জেলায় নতুন এসপি

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুর জেলার এসপি করা হয়েছে। অপরদিকে ফরিদপুর জেলার এসপি মো. নজরুল ইসলামকে সিআইডির এসপি করা হয়েছে।

/এফসি/