শিরোনাম

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘১১ দিনে ৩৩ জন বেবি (শিশু) মারা গেছে আমার। রাজশাহীতে সেই ডাইরেক্টর (পরিচালক) আমাদের বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটাল ভেন্টিলেটর নেই, ওকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত।’

আজ শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘সিএমই অন মেডিকেল এথিকস’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

এই ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ফোন করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমার ফোনের পরে উনি বলেন, এটা নিয়ে মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। দেন গিভ মি আ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কথাও মিডিয়াকে ডিনাই করতে পারে নাই।’

দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে চিকিৎসকদের সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অন্যথায় এত বিশাল স্বাস্থ্য খাতের তত্ত্বাবধান করা অত্যন্ত কঠিন।

অনুষ্ঠানে বক্তারা চিকিৎসাক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মনির হোসেন খান ও অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

/বিবি/