কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা ইউরেনিয়াম বহনকারী লরি

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নেওয়া হয়েছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা এই ইউরেনিয়ামের একটি বহর সড়কপথে তিনটি বিশেষ লরিতে করে প্রকল্প এলাকায় নেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী লরি বহরটি যাত্রা শুরু করে। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।

বহরের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত ছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পুরো পথজুড়ে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় এই জ্বালানির চালানটি বুঝে নেন।

প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটের মাধ্যমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত অতিক্রম করে আকাশপথে ঢাকায় পৌঁছাবে।

/এফসি/