শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালো বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রনালয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাতের সমাধানের আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। সেই সঙ্গে বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি সদিচ্ছার সঙ্গে বাস্তবায়িত হবে। একই সঙ্গে চুক্তিটি টেকসই ও দীর্ঘস্থায়ী হবে বলেও আশা বাংলাদেশের।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে বাংলাদেশ সব পক্ষকে এই গতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, শৃঙ্খলা ও সহযোগিতার দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করে।

প্রসঙ্গত, সোমবার ভোরে (১৫ জুন) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে ট্রাম্প এ নিয়ে বিবৃতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

/এফআর/