শিরোনাম

দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে: যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক
দুই মাসের জ্বালানি তেলের মজুত আছে: যুগ্মসচিব
ব্রিফিংয়ে কথা বলছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী দুই মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, ‘চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না, ইনশাল্লাহ।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশব্যাপী জ্বালানি বিভাগের চলমান উদ্ধার অভিযানে অবৈধ মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

ব্রিফিংয়ে যুগ্মসচিব বলেন, ‘গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৩ হাজার ৫১০টি মামলা এবং মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি অবৈধ মজুতে দায়ে অভিযুক্ত ৪৫ জনকে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল জব্দ করা হয়।’

‘এ ছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।’

এসময় দেশের জ্বালানি তেলের বর্তমান মজুতে পরিমাণ তুলে ধরে যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘দেশে বর্তমানে ১ লাখ ১ হাজার ৩৮৫ মেট্রিক টন ডিজেল, ৩১ হাজার ৮২১ মেট্রিক টন অকটেন, ১৮ হাজার ২১১ মেট্রিক টন পেট্রোল, ৭৭ হাজার ৫৪৬ মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ১৮ হাজার ২২৩ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।

/এফআর/