শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে দাবি করেছে দূতাবাস।

সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে হাইকমিশনে একটি ই-মেইল আসে। ওই ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়।

সাইদুর রহমান বলেন, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো অনুমোদনপত্র বা প্রমাণ পাওয়া যায়নি। ফলে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পরে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি পেতে আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে। দেশে আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। এদিকে আওয়ামী লীগের নেতারাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।

/এমআর/