আশুগঞ্জ সার কারখানা চালু না হওয়ার কারণ জানালেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আশুগঞ্জ সার কারখানা চালু না হওয়ার কারণ জানালেন শিল্পমন্ত্রী
সংসদ অধিবেশনে কথা বলছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা চালু করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পকারখানার গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ সীমিত থাকায় আপাতত কারখানাটিতে উৎপাদন শুরুর সুযোগ নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রশ্নে নাদিয়া পাঠান পাপন বলেন, প্রায় ১৯ মাস ধরে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। অথচ কারখানাটির বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন খনন করা কূপ থেকে পাওয়া অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে, তা জানতে চান তিনি।

উত্তরে শিল্পমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সরবরাহ সীমিত থাকায় সরকার বেশি উৎপাদনক্ষমতা ও আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে বর্তমানে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, গ্যাসের চাপ বাড়লে এবং সরবরাহে অতিরিক্ত সক্ষমতা তৈরি হলে আশুগঞ্জসহ অন্যান্য সার কারখানায় গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করা হবে।

/এসবি/