নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ হুবহু বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ হুবহু বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নোট অব ডিসেন্টসহ জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এদিন আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের বাইরেও ইশতেহারে কিছু বিষয় ছিল, সেগুলোও ধারণ করা হবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।

বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্পগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত আর্থিক বছর করার প্রস্তাব দেওয়া হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধন সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। অর্থাৎ সংবিধানে যেসব বিষয় রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।

কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে– এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন কথার কোনো ভিত্তি নেই। যারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় থাকতে চাইলে অংশ নিতে পারবে। ডিসেম্বরের মধ্যে সব আলোচনা শেষ করা পরিকল্পনা আছে। এরপরই রিপোর্ট তৈরি করা হবে।

/এফসি/