শিরোনাম

নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান।

সূত্রের বরাতে জানা গেছে, সেনাপ্রধান বলেছেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। দেশের জনগণের স্বার্থে যা করণীয় ছিল, তা সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকারের নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা এরইমধ্যে তুলে নেওয়া হয়েছে।

ভাষণে সেনাপ্রধান ইউনিটপ্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।

এছাড়া মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

/জেএইচ/