বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই তালিকায় বাংলাদেশের আরও ২ জন স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের (১৮তম বার্ষিক) সংস্করণে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তার পরিচিতিতে তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা তুলে ধরতে তিনি কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।

এদিকে, ২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। গাজায় যুদ্ধের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। তার সঙ্গে ওই হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেও বক্তব্য দিয়েছেন।

/এসবি/