শিরোনাম

আর নিজেদের দাবি-দাওয়া নয়, দেশের জন্য চিন্তা করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আর নিজেদের দাবি-দাওয়া নয়, দেশের জন্য চিন্তা করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান

ব্যক্তিগত স্বার্থ ও দাবি-দাওয়ার গণ্ডি অতিক্রম করে এখন দেশের কল্যাণে কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে চিন্তা করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২১ জুন) রাতে মালয়েশিয়ায় শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখন শুধু দাবি-দাওয়ার কথা ভাবার নয়, বরং দেশের জন্য নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে চিন্তা করার। আমরা কী পেলাম, কী পেলাম না-এই হিসাবের বাইরে এসে ভাবতে হবে। প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখা যায়, তা নিয়ে ভাবুন।

তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসন ও দুর্নীতির কারণে রাষ্ট্রের বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গোষ্ঠী বছরের পর বছর দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে। মানুষের ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টায় দেশকে নতুন করে গড়ে তোলা।

অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের লক্ষ্য ও বাস্তবায়ন পরিকল্পনা প্রবাসীদের সামনে উপস্থাপন করেন তিনি।

এর আগে, রবিবার (২১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে দুইদিনের এক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন তারেক রহমান।

/এসবি/